ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় মোঃ ফখরুল ইসলাম- (৪২) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।
অসুস্থবস্থায় তাকে গত রোববার রাত সোয়া ১২টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত ফখরুল ইসলাম কুমিল্লা জেলার সদও উপজেলার ইলাছপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত সানাউল হকের ছেলে। প্রায় দেড় মাস আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে যোগদান করেন। এর আগে তিনি ডিএমপিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এএসআই মোঃ ফখরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সিআইডি অফিসে দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রæত ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব বলেন, “ওই পুলিশ সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) রকিব উর রাজা বলেন, “সিআইডিতে কর্মরত একজন পুলিশ সদস্য মারা গেছেন। খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। জেলা পুলিশের পক্ষ থেকে রাতেই তার লাশ পরিবারের কাছে পৌছে দেয়া হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার মৃত্যুতে সহকর্মী ও জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।