দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
নতুন মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। এ ছাড়া ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৫ হাজার ৭৩০ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন মোট ৭০ হাজার ২৫৮ জন। ফলে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ দেশের বিভিন্ন হাসপাতালেই অব্যাহত রয়েছে।