কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নেমে সিদ্দিক (১৭) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। একই সময়ে সমুদ্রে নেমে বিপদে পড়া আরও এক পর্যটককে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে সৈকতের সি-গাল পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সিদ্দিক টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা এবং তিনি শহরের আলগণি রেস্টুরেন্টের কলাতলী শাখার কর্মী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাইফগার্ড দলের দলনেতা ওসমান গণি জানান, ভোর সাড়ে ৫টার দিকে আলগণি রেস্টুরেন্টের তিন কর্মী সি-গাল পয়েন্ট এলাকায় সমুদ্রে গোসলে নামেন। সকাল সাড়ে ৬টার দিকে জোয়ারের টানে তাদের মধ্যে সিদ্দিক নিখোঁজ হন।

এদিকে, প্রায় একই সময়ে ভোরে সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়া অন্য এক পর্যটককে লাইফগার্ড ও উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হন। তাকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাইফগার্ড দলনেতা ওসমান গণি আরও জানান, নিখোঁজ তরুণ সিদ্দিককে উদ্ধারে সমুদ্রে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডের সমন্বয়ে উদ্ধার অভিযান ও অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।