ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদরাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদরাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদরাসা থেকে বের হওয়ার পর ফরিদুল রহমান নিখোঁজ হন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

শনিবার বিকেলে গুনিয়াউক ইউনিয়নের বেলমুড়া এলাকার একটি ডোবায় অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের ছবি দেখে এবং ঘটনাস্থলে এসে স্বজনেরা সেটি ফরিদুল রহমানের বলে শনাক্ত করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।