মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘এই দুঃখজনক ঘটনায় বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত, তবে বিএনপি এতে জড়িত নয়। জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
রোববার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গরু বাজারে মাদকবিরোধী যুব সমাজের উদ্যোগে আয়োজিত সুপারস্টার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা থেকে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কোনো বাছ-বিচার ছাড়াই ‘বিএনপির চাঁদাবাজি ও দখলবাজি’ হিসেবে পরিকল্পিতভাবে অপপ্রচার করা হচ্ছে। এসব ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয়।
তিনি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপির অঙ্গীকার প্রশ্নাতীত। অথচ এমন ন্যক্কারজনক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো দুর্বলতা, উদাসীনতা বা দায়িত্বে গাফিলতি থাকলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দুই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অপরাধের দায় প্রমাণ ছাড়া বিএনপির ওপর চাপানো যাবে না। তবে বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না। বিএনপি জনসম্মুখে জনগণের কাছে জবাবদিহি করে।’
এসব হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান। তিনি বলেন, বিএনপি কোনো অজুহাতে কোনো ঘটনার অপরাধীকে আড়াল করতে চায় না। বিএনপি কোন অজুহাতে কোন সমস্যা বা কোন ঘটনাকে আড়াল করতে চায় না। বিএনপি সরকারের থাকার সময়ে মিরপুরে দুঃখজনক ঘটনা ঘটেছে সেজন্য, বিএনপি দুঃখিত। বিএনপি জনগণের কাছে জবাবদিহি করে বলেই চিহ্নিত করে অপরাধীদের এবং ঘটনার সময় নির্লিপ্ত থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে বিএনপির অবস্থান।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধের ঘটনাকে ‘বিএনপির চাঁদাবাজি বা দখলের’ বলে যে অপ প্রচার চালানো হয়েছে, তা বানোয়াট ও ভিত্তিহীন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নির্ধারিত হওয়ার আগে বিএনপিকে দায়ী করা দুরভিসন্ধিমূলক। ঘটনার পরপরই বাছ-বিচার না করে শুধু ভিউ বাড়ানোর জন্য বিএনপির বিরুদ্ধে কনটেন্ট ক্রিয়েটরের অর্বাচীন বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকেরুল্লাহ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন , মনিরুজ্জামান স্বাধীন, যুবদল নেতা আসাদুজ্জামান আসিফসহ ক্রীড়া সংগঠকগণ বক্তব্য দেন।