বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহে বিনার অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকার খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুর রহমান।
কর্মশালায় আরও বক্তব্য দেন বিনার পরিচালক (অ্যাডমিন অ্যান্ড এসএস) ড. এম. এ. লুৎফুর রহমান ভূঁইয়া, পরিচালক (গবেষণা) ড. মাহবুবা কানিজ হাসনা, বিনা পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ এ. কে. এম. আনিসুজ্জামান, সদস্য কৃষিবিদ মো. শফিকুল আলম সোহেল, বিনার প্রশিক্ষণ ও পরিচালনা বিভাগের পরিচালক ড. শামসুন্নাহার বেগম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় বিনার বিভিন্ন গবেষণা কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উপযোগী নতুন জাত উদ্ভাবন এবং গবেষণার ফল মাঠপর্যায়ে সম্প্রসারণের বিভিন্ন দিকও আলোচনায় উঠে আসে।
কর্মশালা শেষে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিনার উদ্ভাবিত ও উৎপাদিত বিভিন্ন জাতের ফসল উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য সংশ্লিষ্টদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।