বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের নির্বাচিত সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুবুর রহমান জিলানী ভাইস চেয়ারম্যান এবং খায়রুল ইসলাম লিয়ন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে বিশেষ সাধারণ সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, মাহবুবুর রহমান জিলানী, খায়রুল ইসলাম লিয়ন ও রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার জীবন কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।
নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি, মো. জিয়াউল হক জিয়া, মো. সাঈদ বিন আনোয়ার সজিব, মো. ইকরামুল হক ও সাইফুল আল খান লিপন।
রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফজলুল হক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় ইউনিটের আজীবন সদস্য, সিনিয়র আরসিওআই ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।