টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। শহরের বিভিন্ন এলাকা কোমরপানিতে তলিয়ে গেছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় নগরীর গভর্নর চাদচার্ট সিথিপুন্ট ব্যাংকককে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন। দেশটির আবহাওয়া দপ্তর সপ্তাহান্তজুড়ে বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

গত ৪৮ ঘণ্টায় ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহরের প্রধান সড়কগুলো পানিতে ডুবে নদী-খালের মতো রূপ নিয়েছে। বহু যানবাহন পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় আটকে পড়েছে। কোথাও কোথাও বাসিন্দাদের কোমরপানি মাড়িয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

ব্যাংককের গভর্নর সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি জনজীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে শহরের খালসংলগ্ন এলাকাগুলোতে বন্যার প্রভাব সবচেয়ে বেশি বলে জানিয়েছেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় থাই সেনাবাহিনী ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র ও ভ্রাম্যমাণ রান্নাঘর স্থাপন করা হচ্ছে। ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (বিএমএ) স্থানীয় স্কুলগুলোকে সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

বন্যার আশঙ্কায় নগরীর বিভিন্ন সুপারমার্কেটেও মানুষের ভিড় বেড়েছে। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহে অনেকেই দোকানগুলোতে ভিড় করছেন। খালসংলগ্ন এলাকার বাসিন্দাদের ঘরের প্রয়োজনীয় সামগ্রী ও আসবাবপত্র নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়ার জন্য শনিবার বিশেষ জরুরি নির্দেশনাও জারি করেছে কর্তৃপক্ষ।

বন্যায় আটকে পড়া বাসিন্দাদের অনেকেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ১৯ বছর বয়সী সানসুক লাওওয়াচ্চারাকুল জানান, আগে থেকে খাবার মজুত করতে না পারায় তিনি উদ্বিগ্ন। অন্যদিকে প্লাবিত একটি কনডমিনিয়াম থেকে পরিবারের সদস্যদের নিয়ে বের হওয়া সুপ্পাকার্ন জুলাভিজিতফং জানান, সতর্কতা জারির আগে পরিস্থিতির গুরুত্ব তিনি বুঝতে পারেননি।

তীব্র জলাবদ্ধতার মধ্যেও ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সুবর্ণভূমিতে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে পর্যটন কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যেতে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা হাতে রাখার পরামর্শ দিয়েছে।

এর আগে গত নভেম্বরেও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছিল। ওই দুর্যোগে অন্তত ১৪৫ জনের মৃত্যু এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার পর এবার রাজধানী ব্যাংককে নতুন করে ভয়াবহ বন্যা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: রয়টার্স