কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শহরের যানজট নিরসনে উদ্যোগ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসিম সবুজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুজাহিদুল কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ বি এম ছিদ্দিক, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যরা।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।