বৈরী আবহাওয়া উপেক্ষা করে আওয়ামী লীগের কথিত অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি কান্দিপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।
বক্তব্য দেন উস্থি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. আজহারুল ইসলাম (হৃদয়), লংগাইর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পাগলা থানা ছাত্রদল নেতা রাকিব ঢালী, মশাখালী ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাইমিনুল ইসলাম, চাঁইরবাড়িয়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সম্রাট, দত্তেরবাজার ইউনিয়ন ছাত্রদল নেতা সুজন মৃধা, উস্থি ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিল মিয়া, হৃদয় ও শিহাবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।