জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধি, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি ও বিদ্যুৎ- গ্যাসের চরম সংকটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এই কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা সিপিবির সভাপতি কমরেড সাজিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামাল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, সহকারী সাধারণ সম্পাদক আল মামুন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আসমা খানম, উদীচী জেলা সহ-সভাপতি শাহজাহান সোহেল, জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ-গ্যাসের চরম সংকটে জনমনে নাভিশ্বাস উঠেছে। আর্ন্তজাতিক বাজারে তেলের মূল্য কমলেও বাংলাদেশে বাড়ছে। রাত বারোটায় তেলের মূল্যবৃদ্ধি জনমনে আংশকার সৃষ্টি করেছে। বক্তারা দ্রæত জ্বালানী তেলের নাম সহনীয় পর্যায়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানান। বক্তারা বলেন, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির ফলে জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। পরিবহন ভাড়া, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।