ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসআরবির ( সাবেক র‌্যাব) অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ মোঃ হোসাইন-(৩৮) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে জেলার নবীনগর উপজেলার কোনাঘাট এলাকায় অভিযান চালিয়ে হোসাইনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত হোসাইন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গানপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে গনমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এসআরবি-৯, সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১-ব্রাহ্মণবাড়িয়া অফিসের একটি দল বুধবার রাতে নবীনগর উপজেলার কোনাঘাট এলাকায় রাস্তার উপর চেকপোষ্ট বসায়। পরে এই রাস্তা দিয়ে একটি প্রাইভেটকার আসলে তাকে থামার জন্য সিগন্যাল দেয়া হয়।

এ সময় প্রাইভেটকার থেকে হোসাইন নামে এক যুবক নেমে পালানোর চেষ্টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশী করে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নবীনগর থানায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত হোসাইনকে ও উদ্ধারকৃত গাঁজা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।