ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ঘরগুলোতে বসবাসকারী ১৪টি পরিবার সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গজারিয়া গ্রামের একটি বাড়িতে সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা নিজেদের উদ্যোগে তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ১০টি বসতঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ ঘরে থাকা অধিকাংশ সামগ্রী পুড়ে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন—নোয়াব মিয়া, মো. মামুন, মো. রুবেল মিয়া, মো. কামাল মিয়া, মো. মহিউদ্দিন, মো. শাহিন, মো. সোহেল মিয়া, আলফাজ মিয়া, মো. শামীম মিয়া, মো. হানিফ মিয়া, ছোটন মিয়া, আলতাব মিয়া, মো. শরীফ মিয়া ও মো. রনি মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।