কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী অঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত্র আনুমানিক ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে উপজেলার সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট এলাকায় হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল অবস্থান গ্রহণ করে। এসময় চারজন সন্দেহভাজন ব্যক্তি কাঁধে বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চোরাকারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করলে তারা রাতের আঁধারে বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উক্ত বস্তাগুলো থেকে খাকি রঙের প্যাকেট এবং বায়ুরোধী নীল প্যাকেটে সুকৌশলে মোড়ানো ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক চোরাচালানের সঙ্গে লিপ্ত প্রকৃত অপরাধীদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনার লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি চরমভাবে জোরদার করা হয়েছে।