কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কথিত অপতৎপরতা, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হোসেনপুর পৌর বিএনপি ও উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি হোসেনপুরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার কথা বলেন তাঁরা।

বক্তব্য দেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মনিরুল হক রাজন, আবুবকর সিদ্দিক বাক্কার, মাহবুবুর রহমান, আবুল হাসিম সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবী হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ডালিমসহ স্থানীয় নেতারা।

কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে একই দিন কিশোরগঞ্জ জেলা শহরেও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের ওই কর্মসূচিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বক্তব্য দেন।