কাজে গাফিলতি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কোনো কর্মকর্তা ছাড় পাবেন না—এমন কঠোর বার্তা দিয়েছেন নেত্রকোনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
রোববার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এমপি বাবর বলেন, “দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, রাজনৈতিক একান্ত সচিব মির্জা হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন এবং শামছুল আলম লালুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে এমপি বলেন, তিনি প্রতি মাসে সভা আয়োজনের চেষ্টা করবেন। প্রয়োজন হলে ভার্চুয়াল মাধ্যমে (জুম মিটিং) যুক্ত হয়ে দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন। এ জন্য তিনি সংশ্লিষ্টদের মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার আহ্বান জানান।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, “মাদকসেবীর চেয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, কারণ মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়।” এ ধরনের অপরাধে দলীয় সংশ্লিষ্টতা থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।