ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এরফান উদ্দিনের সঙ্গে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং ভবিষ্যতে এসব কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় ইউএনও মোহাম্মদ এরফান উদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী বিশ্বনাথ আনন্দের সঙ্গে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের পরিচয় হয়। সরকারি নথিতেও চৌধুরী বিশ্বনাথ আনন্দের নাম পাওয়া যায়; এর আগে তিনি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ চন্দ্র পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া, ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ ও কমিটির সদস্য মাওলানা আবুবকর ভূইয়া, শ্রীঘর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিটির সদস্য মোহাম্মদ আলী, হোমিওপ্যাথি চিকিৎসক ও কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিল রওশন পান্না এবং কর্মজীবী নারী সদস্য রীমা রানী দাস উপস্থিত ছিলেন।
সভায় দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সামাজিকভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।