ময়মনসিংহের নান্দাইলের ঐতিহ্যবাহী আচারগাঁও ফাজিল মাদ্রাসার সভাপতি মো. নুরুল আমিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া কমিটির ৪ সদস্যকে চিঠি না দিয়ে গোপনে সভা করার অভিযোগও পাওয়া গেছে।
এ ঘটনায় মাদ্রাসার সহ-সভাপতি মো. আব্দুল হান্নান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আচারগাঁও ফাজিল মাদ্রাসার বর্তমান সভাপতি মো. নুরুল আমিন উপজেলার নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং একই মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি। তিনি পাশের ঘোষপালা ফাজিল মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য এবং জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। আচারগাঁও ফাজিল মাদ্রাসার সাবেক সভাপতি পদত্যাগ করার পর মো. নুরুল আমিন সভাপতি হন। এর পর থেকেই নির্বাচিত দুই সদস্য, একজন বিদ্যোৎসাহী সদস্য ও সহ-সভাপতিসহ ৪ জনকে চিঠি না দিয়ে সভা পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া শিক্ষকদের টিউশন ফির টাকা না দিয়ে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুরে নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসায় গিয়ে মো. নুরুল আমিনকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় আছেন বলে জানান এবং মৌখিক ছুটি নিয়েছেন বলে দাবি করেন। তবে মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম জানান, তিনি লিখিত কোনো ছুটি নেননি।
জানতে চাইলে আচারগাঁও ফাজিল মাদ্রাসার সভাপতি মো. নুরুল আমিন মুঠোফোনে বলেন,আমার বিরুদ্ধে এক পয়সার অনিয়মের প্রমাণ দিতে পারবে না। আমি কোনো বিল-ভাউচারে স্বাক্ষরও করিনি। টিউশন ফির টাকা দিয়ে মাদ্রাসার উন্নয়ন কাজ করা হচ্ছে।