চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর তালিকা। বিশেষ করে শিশুসহ বিভিন্ন বয়সি মানুষ এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন।

​রোববার (২১ সেপ্টেম্বর) চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে সরেজমিন দেখা যায়, রোগীর অস্বাভাবিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। নির্ধারিত বেড খালি না থাকায় বাধ্য হয়ে অনেক ডেঙ্গু রোগীকে ওয়ার্ডের ঠান্ডা মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।

​সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার ব্যবধানে পুরো জেলায় নতুন করে ৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৭ জনে।

​রোগীর চাপ বাড়লেও ওষুধের সংকট নেই দাবি করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেন, “হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং পরীক্ষার কিট মজুদ রয়েছে। আমরা সাধ্যমতো সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।”

​ডেঙ্গু সংক্রমণ থেকে রক্ষা পেতে কেবল চিকিৎসালয় নয়, বরং সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বাড়ির ছাদ, আঙিনা, অফিসকক্ষ কিংবা আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন জমে থাকা পানি না জমে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে এডিস মশা বংশ বিস্তার করতে না পারে। জ্বর বা সামান্য উপসর্গ দেখা দিলেই দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।