জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়।
এর আগে বড় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল আহসান এমরুল ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারসহ সংগঠনের নেতারা।
বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, এর প্রভাব পরিবহন ও উৎপাদন ব্যয়ের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়তে পারে। তারা বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
পরে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় এলাকায় পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর থেকে দেশে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।