জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর দূরপাল্লা ও মহানগরের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে নতুন এ ভাড়া নির্ধারণ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।
মালিক সমিতির প্রস্তাবে দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার কথা বলা হয়েছিল।
এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাবও দিয়েছিল মালিক সমিতি।
তবে মঙ্গলবারের বৈঠকে মালিক সমিতির প্রস্তাবের চেয়ে কম, অর্থাৎ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গণপরিবহনে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে।