কক্সবাজার শহরের জাদী পাহাড়ে ডেকে নিয়ে সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

২০সেপ্টেম্বর রোববার বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বইল্ল্যা পাড়া সংলগ্ন জাদী পাহাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাইফুলকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোববার বিকেলের দিকে পূর্বপরিচিত কয়েকজন সাইফুলকে ডেকে জাদী পাহাড়ে নিয়ে যান। সেখানে তারা একসঙ্গে মদ পান করেন। একপর্যায়ে সাইফুলের সঙ্গে তাঁদের একজনের কথাকাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ালে সাইফুলকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে স্থানীয় লোকজন জাদী পাহাড়ে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে পড়ে থাকতে দেখেন। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য, স্থানীয়ভাবে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, সাইফুলের সঙ্গে অভিযুক্তদের মাদক লেনদেন ও মোটরসাইকেল কেনাবেচা নিয়ে পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।