সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ প্রস্তাবিত আঞ্চলিক মহাসড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের পদ্ধতি পরিবর্তনের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন সদর উপজেলার রিচি ও সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে গ্রামবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

আব্দুল সাত্তারের সভাপতিত্বে এবং সিদ্দিকী হারুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল আহাদ, নুর জামান, আলী আহমেদ, ইকবাল মাহমুদসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, প্রস্তাবিত আঞ্চলিক মহাসড়ক নির্মাণের জন্য প্রাথমিক জরিপে সড়কের এক পাশ থেকে বেশি জমি অধিগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এতে ওই পাশের জমির মালিক ও বসতবাড়ির মালিকদের তুলনামূলক বেশি ক্ষতির মুখে পড়তে হবে বলে তাদের আশঙ্কা।

তাদের দাবি, সড়ক নির্মাণের প্রয়োজনীয় জমি শুধু এক পাশ থেকে অধিগ্রহণ না করে উভয় পাশ থেকে তুলনামূলকভাবে ভাগ করে নেওয়া হলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ও ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে। একই সঙ্গে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও কৃষিজমির ওপর চাপও কমবে বলে তারা মনে করেন।

বক্তারা বলেন, তারা উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করছেন না। বরং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে এবং ভূমিমালিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রকল্প বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তারা আশা প্রকাশ করেন।

মানববন্ধনে স্থানীয় ভূমিমালিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশ নেন।

পরে রিচি ও সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত না থাকায় সহকারী কমিশনার পৃথিন্দ্র চাকমা স্মারকলিপিটি গ্রহণ করেন।