শেরপুরের নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান পরিচালনা করেছে নালিতাবাড়ী পৌরসভা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের সরকারবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে খাল পুনঃখননের কাজ করা হয়। ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে যেসব স্থানে পানি জমে থাকার আশঙ্কা রয়েছে, সেসব স্থানও পরিষ্কার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, পৌরসভার সচিব আঃ ওয়াদুদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি খাল, নালা ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস ও পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় পৌরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।