কুড়িগ্রামের উলিপুর উপজেলার রাজরামক্ষেত্রী গ্রামের এক শতবর্ষী অসহায় বৃদ্ধের বাড়িতে শৌচাগার স্থাপন এবং নিরাপদ পানির ব্যবস্থা করতে নলকূপ বাঁধাই করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ওই বৃদ্ধের অসহায়ত্বের খবর পেয়ে তাঁর বাড়িতে যান সোহেল রানা। এ সময় তিনি বৃদ্ধের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বয়সের ভারে ন্যুব্জ ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করছেন। দৈনন্দিন প্রয়োজনের অন্যতম শৌচাগার ও নিরাপদ পানির পর্যাপ্ত সুবিধাও তাঁর ছিল না। বিষয়টি জানার পর তাঁর বাড়িতে একটি শৌচাগার স্থাপনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে নলকূপ বাঁধাই করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অর্ঘ্য সাহা খোকন, শাকিল, রুমন, সবুজ, মারুফ, হীরা ও ছাত্রদলের অন্য নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, বয়োবৃদ্ধ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্যবান প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা উচিত। ওই বৃদ্ধের প্রয়োজনের কথা বিবেচনা করেই তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাঁর প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন বলে জানান তিনি।
সহযোগিতা পেয়ে বৃদ্ধ ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটির প্রশংসা করেছেন।