শেরপুরের নালিতাবাড়ীতে রিমা আক্তার (১৪) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের নানার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রিমা আক্তার ওই গ্রামের মৃত রিপন মিয়ার দ্বিতীয় মেয়ে। সে আন্ধারুপাড়া গ্রামের ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, রিমার ছোটবেলাতেই তার বাবা রিপন মিয়া একটি দুর্ঘটনায় মারা যান। এরপর মা জহুরা বেগম তিন মেয়েকে নিয়ে বাবার বাড়ি আন্ধারুপাড়া গ্রামে বসবাস করছিলেন।
সম্প্রতি রিমার জন্য বিয়ের সম্বন্ধ আসছিল। তবে পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়ে আলোচনা চললেও রিমা এতে সম্মতি দিচ্ছিল না বলে জানিয়েছে পরিবার। স্থানীয় এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা গেছে।
পুলিশ ও পরিবারের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে বাড়ির টিনশেড ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিমাকে পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে রিমার লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। এতে সে মায়ের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভালোবাসা ও বিয়ে নিয়ে পারিবারিক সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে। চিরকুটে ওই যুবককে কোনোভাবেই দায়ী না করার অনুরোধও জানিয়েছে রিমা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে রিমার মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।