নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবির খান এবং চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এছাড়া প্রফেসর সিদ্দিকুর রহমান, সরদার আলী হোসেন, এম এম শাহজাহান মুকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা প্রেসক্লাবে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দিনব্যাপী আয়োজনে সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।