ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার বংশবিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সওজ, ময়মনসিংহ সড়ক সার্কেলের প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, সওজ ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোঃ শরীফুল আলম এবং সওজ ফুলপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম কামাল পাশা। এছাড়া হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু জ্বরের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং মশার বংশবিস্তার রোধে নিজ নিজ কর্মস্থল, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তাই নিজেদের বসতবাড়ি, কর্মস্থল ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
