শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার কালাকুমা এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার কালাকুমা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় একটি স্থান থেকে ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫০০ টাকা।
৩৯ বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদকসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালানি পণ্য পরিবহন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।