কিশোরগঞ্জের হোসেনপুরে সুবর্ণা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের বাবার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামের রউফ মিয়ার ছেলে মো. মাসুম মিয়ার সঙ্গে একই এলাকার হেলাল মিয়ার মেয়ে সুবর্ণা আক্তারের বিয়ে হয়। কয়েক দিন আগে তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানেই তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
পরে হোসেনপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সুবর্ণার বাবা মো. হেলাল মিয়া জানান, তাঁর মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় হোসেনপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
