ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

তার ছেলে আনন্দ ভোঁসলে গণমাধ্যমকে জানান, সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার (১১ এপ্রিল) হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং কার্ডিয়াক অ্যারেস্টের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে চিকিৎসকদের বরাতে জানা গেছে।

আট দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয় থাকা আশা ভোঁসলে হিন্দি, বাংলা ও বিভিন্ন ভাষায় হাজারেরও বেশি গান গেয়েছেন। শাস্ত্রীয় সংগীত, লোকসংগীত, গজল থেকে শুরু করে আধুনিক চলচ্চিত্র সংগীত—সব ধারাতেই তিনি সমানভাবে দক্ষতা দেখিয়েছেন।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণ-সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন।

তার প্রয়াণে ভারতীয় সংগীতজগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।