সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এ নতুন পে-স্কেলে গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে বর্ধিত বেতন একবারে নয়, তিন ধাপে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রাপ্য বকেয়া বেতনও পাবেন।
তিন ধাপে বাড়বে মূল বেতন
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ধাপে চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। এ অর্থ গত ৩০ জুনে আহরিত বেতনের সঙ্গে যুক্ত হবে।
দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডে বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ কার্যকর হবে।
এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে সব গ্রেডে শতভাগ বর্ধিত মূল বেতন কার্যকর হবে। তবে নতুন বেতনকাঠামোর বর্ধিত ভাতার সুবিধা পাওয়া যাবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। বিদ্যমান পেনশনভোগীরাও নতুন বেতনকাঠামোর শতভাগ সুবিধা পাবেন।
সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার টাকা
নতুন কাঠামোতে আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে তুলনামূলকভাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বেশি হারে বাড়ানো হয়েছে।
প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ফলে প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে।
অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে।