জাতির প্রয়োজনে ১১ দলীয় জোটের ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, তাঁদের আট দফা দাবি রয়েছে। এটি প্রয়োজনে নয় বা দশ দফায়ও পরিণত হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে। তাঁর ভাষ্য, এক দফার পরিস্থিতি তৈরি হলে তা কঠিন পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ১১ দলীয় জোটের লংমার্চ দেখে অনেকের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। হতাশ হয়ে পরিস্থিতি উত্তপ্ত না করে জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করা উচিত। দাবি না মানলে কোনো ধরনের চক্রান্ত কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, তাঁরা কোনো একটি দলের দাবি নিয়ে মাঠে নামেননি; ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। এসব দাবি আদায় করেই তাঁরা ঘরে ফিরবেন বলে উল্লেখ করেন তিনি।
এদিকে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চটি রংপুরের উদ্দেশে যাত্রা করে।
লংমার্চের উদ্বোধনী সমাবেশে শফিকুর রহমান ছাড়াও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।