ব্রাহ্মণবাড়িয়া -২-আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে আবার যে কোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে পরিস্কার বলে দেয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।
তিনি শুক্রবার বিকেল সোয়া ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জানতে চাইলে এসব কথা বলেন। আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে।
সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে ব্যারিষ্টার ফারহানা এমপির দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঝাড়– মিছিল করে আশুগঞ্জ উপজেলা বিএনপি। বক্তব্য প্রত্যাহারর না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন বিএনপি নেতা-কর্মীরা।
ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি! তো এগুলো সবই স্বাভাবিক।
