ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) তথা সাবেক র্যাব সদস্যরা।
গত বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কাজী পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুরের ইয়াছিন বাবু, কাজী পাড়ার শাহীন সরকার, রোমান শাহ ও নবীনগর উপজেলার রাজীব বনিক। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে এসআরবি-৯ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘খন্দকার ক্ষুদ্র ব্যবসায়ি সমিতি’ নামের একটি কার্যালয়ের ভিতরে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলা চলছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় হাতে নাতে চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলতে উৎসাহিত করত।
পাশাপাশি তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাতো।
