বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মানবিক নেতা হিসেবে সমাদৃত হয়েছেন। তবে সারাদেশের যে চলমান অবস্থা তা ঠিক করতে কিছুটা সময় দিতে হবে। কারণ আমরা যে রাষ্ট্র পেয়েছি তার অবস্থা খুবই ভঙ্গুর, অর্থনৈতক অবস্থা অত্যন্ত খারাপ। যার কারণে প্রতিটি সেক্টর এমনকি গ্যাস, বিদ্যুতের সংকট রয়েছে। মূলত জ্বালানির উন্নয়নে বিগত ফ্যাসিস্ট সরকার ও অর্ন্তবর্তী সরকার কোনো কাজ করেনি। বরং লুটপাট করার জন্য বিভিন্ন প্ল্যান্ট করেছে।

তিনি শুক্রবার দুপুরে আমরা বিএনপি পরিবার আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া -৫- (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গ টেনে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এদেশের সমস্ত কিছু নিয়ে গেছে।

এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে। মাঝে মাঝে শুনি যে উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি উনি এখানে আসবেন। আমরা বলি ৩১ ডিসেম্বর কেনো, যখনই আসবেন তখনই আইনের মাধ্যমে রিসিভ করব। হাতকড়া দিয়ে রিসিভ করে বাংলাদেশের মানুষের উপর যে মানবতাবিরোধী আচরণ করেছেন তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। আমরা অনুরোধ করেছি পার্শ্ববর্তী দেশেকে, অতিসত্ত¡র শেখ হাসিনাসহ তার দোসররা যারা পলায়ন করে আছে, তাদেরকে আমাদের কাছে ফেরত দেয়া হোক।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুন্ন করা হয়েছিল- তার বিচার করার জন্য, আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার, জনগণের টাকা লুট- এগুলোর সমাধান করতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩-আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, দলীয় নেতৃবৃন্দসহ আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গোলাপীর হাতে নতুন ঘরে চাবি ও জমির দলিল হস্তান্তর করেন।