ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে ইন্তেকাল করেছেন। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শিল্পীর ছেলে আনন্দ ভোঁসলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রোববার তিনি মৃত্যুবরণ করেন।
১৯৩৩ সালে জন্ম নেওয়া আশা ভোঁসলে ছিলেন ভারতীয় সঙ্গীতজগতের এক অনন্য নক্ষত্র। কয়েক দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি হিন্দি, বাংলা সহ বহু ভাষায় হাজার হাজার গান পরিবেশন করেছেন। শাস্ত্রীয়, আধুনিক, গজল কিংবা ক্যাবারে—প্রতিটি ধারাতেই তার স্বকীয় কণ্ঠশৈলী শ্রোতাদের মুগ্ধ করেছে।
তার গাওয়া অসংখ্য কালজয়ী গান সময়ের সীমা অতিক্রম করে প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে স্থান করে নিয়েছে। সুর ও আবেগের অসাধারণ মেলবন্ধনে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দ্রুত আরোগ্য কামনা করেছিলেন।
সংগীতবিশ্বে আশা ভোঁসলের অবদান এক অনন্য অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তার প্রয়াণে ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।