বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণকে দেওয়া কোনো ওয়াদা বিএনপি ভুলে যায় নাই,অস্বীকারও করছে না। শুধু নির্বাচন পূর্ব নয়, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ‌ বিরোধী আন্দোলন সংগ্রামে , এমনকি প্রতিষ্ঠার পর থেকে জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ । ওয়াদা ভঙ্গের ইতিহাস বিএনপির নাই।

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের যৌথ সভায় বক্তব্যে বিএনপির বিরুদ্ধে নির্বাচনপূর্ব দেয়া ওয়াদা ভুলে যাবার অভিযোগ করে বিরোধী দলের নেতার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, জনগনকে দেওয়া বিএনপির ওয়াদা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, আগে তাদের নিজেদের দ্বৈতনীতি জনগণের সামনে পরিষ্কার করা উচিত। একদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি, অন্যদিকে সেই সনদ বাস্তবায়নে সংসদীয় ও সাংবিধানিক প্রক্রিয়ায় অংশ না নেওয়া—এ কেমন রাজনীতি?’

তিনি বলেন, ‘বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং এর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। জুলাই সনদসহ জনগণকে দেওয়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, ধর্মীয় গুরুদের আর্থিক প্রণোদনা, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, জ্বালানি তেল গ্যাসের সঙ্কট নিরসন,সরকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল অনুমোদন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি লুটপাট,ক্রসফায়ার ও গুমসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধ,মানবিক বাজেট , শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার, বেকার যুবকদের কর্মসংস্থান, বন্ধ কল-কারখানা চালুর উদ্যোগ ,গ্রাম-শহরে সুষম উন্নয়ন,জনগণের নিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়নসহ অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বিরোধী দলের নেতাদের প্রতি জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে বলেন, বাইরে দাঁড়িয়ে ওয়াদা নিয়ে প্রশ্ন না তুলে আসুন, জুলাই সনদ বাস্তবায়নের সংসদীয় ও সাংবিধানিক প্রক্রিয়ায় অংশ নিন। প্রিন্স বলেন, ‘সমালোচনা করার অধিকার সবার আছে, কিন্তু জনগণকে বিভ্রান্ত করার অধিকার কারও নেই। বিএনপি কথায় নয়, কাজ দিয়ে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে ।

বিরোধী দলের আন্দোলন ও দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী দলের কাছে আমার সহজ প্রশ্ন—আপনাদের দাবিটা আসলে কত দফা? কিছুদিন আগে ছিল ৬ দফা, গতকাল শুনলাম ৭ দফা, আজ ৮ দফার কথা বলা হচ্ছে; আবার বলছেন, শেষ পর্যন্ত এক দফায় যাবেন। জনগণ তাহলে বুঝবে কী—দাবি নিয়ে আন্দোলন, নাকি আন্দোলনের জন্য দাবি?’

তিনি বলেন, ‘প্রতিদিন দফা বাড়ানো-কমানো বিরোধী দলের রাজনীতিকেই প্রশ্নবিদ্ধ করেছে। বিরোধী দল আসলে নিজেদের অগ্রাধিকার স্থির করতে ব্যর্থ হচ্ছে।

সভায় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনাড়ম্বর জীবন এবং মানবিক ও ইতিবাচক রাজনীতি অনুসরণ করার আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, প্রত্যেক কর্মীর উচিত নেতাকে অনুসরণ করা। তিনি তৃণমূলের নেতৃবৃন্দের প্রতি বিএনপি সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের প্রতি কেউ যাতে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট না করতে পারে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি ইউনিয়ন নেতাদের প্রতি স্থানীয়ভাবে একজন জনপ্রিয়, গ্রহনযোগ্য,সৎ, নিষ্ঠাবান,নেতাকে বাছাই করার আহ্বান জানান।

হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেল মিলনায়তনে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আমজাদ আলী, আব্দুল হাই,আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, কাজিম উদ্দিন,সফিকুর রহমান,মোনায়েম হোসেন খান খোকনসহ হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সংগঠনের উপজেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় ময়মনসিংহ উত্তর জেলার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলালুদ্দিন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সভায় মুনাজাত করা হয়।