পিরোজপুরে ধানখেতে ইঁদুর দমনে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলম তালুকদার (—) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত আলম তালুকদার পিরোজপুরের কুমারখালী এলাকার আ. কাশেম তালুকদারের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, ধানখেতে ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য আলম তালুকদার বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি ফাঁদ তৈরি করেছিলেন। বৃহস্পতিবার সকালে সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরেন তিনি। পরে গোয়ালঘর থেকে গরু বের করে খাবার দেওয়ার পর ধানখেতে যান বৈদ্যুতিক ফাঁদে কোনো ইঁদুর আটকা পড়েছে কি না তা দেখতে।

এ সময় অসাবধানতাবশত তিনি নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দীর্ঘ সময় পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।