শেরপুরের নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থনে মিছিলের অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ ও ছাত্রলীগ কর্মী বুলবুল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় দিনের পাশাপাশি রাতেও আওয়ামী লীগের সমর্থনে পৃথক মিছিল বের করা হয়। এসব মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে মশাল ও লাঠিসোঁটা দেখা যায়। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার তিনজনকে শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।