নাটোরের লালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুল্লাহ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার উত্তর লালপুর গ্রামের মোঃ শহীদুল ইসলাম লাকীর ছেলে এবং রওজাতুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী। এ ঘটনায় আহতরা হলেন—উত্তর লালপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ইমরান (২০) এবং বালিতিতা গ্রামের নাজির হোসেনের ছেলে মনি (২০)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে আব্দুল্লাহ, ইমরান ও মনি একই মোটরসাইকেলে গোপালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি ইজিবাইকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মারা যান।

খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ইমরান ও মনিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুমাইয়া হক রাকা জানান, আব্দুল্লাহকে হাসপাতালে আনার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছিল। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।