সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শিপু মিয়া বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বালুবাহী একটি নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হন শিপু মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা এমজি সম্রাট বলেন, “একজন মানুষের এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন। পরিবারের স্বজনদের এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।”
বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার সেকেন্ড অফিসার ইনচার্জ সাদেকুর রহমান।