পবিত্র নগরী মক্কার দক্ষিণে একটি ড্রোন প্রতিহত করার সৌদি দাবির পর মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। হুথিদের দাবি, মক্কা বা অন্য কোনো পবিত্র স্থাপনাকে লক্ষ্য করে ইয়েমেন থেকে কোনো হামলা চালানো হয়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) হুথি-পরিচালিত সাবা বার্তা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো। হুথিদের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, ইয়েমেন থেকে মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি ‘মিথ্যা ও ভিত্তিহীন’।

Advertisement

এর আগে সৌদি আরব জানিয়েছিল, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি দাবি করেন, ড্রোনটি মক্কার নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়। একই সময়ে মক্কা, জেদ্দা ও তায়েফসহ কয়েকটি এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল।

হুথি কর্মকর্তা আল-ফারাহ অভিযোগ করেন, ইয়েমেনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের জনমত গড়ে তুলতে এবং নিজেদের সংকট থেকে মানুষের দৃষ্টি সরাতে সৌদি আরব এ ধরনের দাবি করছে। তিনি আরও বলেন, মক্কা ও অন্যান্য পবিত্র স্থানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়।

সংঘাতের অবসানে যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং ইয়েমেনের স্বাধীনভাবে চলার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, সংঘাত অব্যাহত থাকলে সৌদি আরবের পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও তেল অবকাঠামোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। তবে ড্রোনটির উৎস বা লক্ষ্য সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।