ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজারহাট রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযান চলাকালে রেলস্টেশন চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি পরিত্যক্ত পাত্র, জমে থাকা পানি ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

রাজারহাট উপজেলা যুবদলের আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, দপ্তর সম্পাদক বাবু, পৌর যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুল, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মো. নয়ন আলী, যুগ্ম আহ্বায়ক হেলালুজ্জামান হেলাল ও আবুল কালাম আজাদ, ওয়াজেদ আলী, আশরাফুল হকসহ যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে নাসিম পারভেজ তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, আশপাশের পরিবেশ ও জনসমাগমস্থলে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যেই পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।