ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক সমতট বার্তা পত্রিকার মহাব্যবস্থাপক ও সাংবাদিক আরিফুল আলম রঞ্জু (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে নরসিংদী এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খৈয়াসার আনছর আলী মোক্তার জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌর এলাকার শেরপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে সাংবাদিক আরিফুল আলম রঞ্জুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।