হবিগঞ্জ শহরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিদিনের মতো রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে রাজনগর এলাকায় কয়েকজন ব্যক্তি তার রিকশার গতিরোধ করে তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এ সময় শিশুটির চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হবিগঞ্জ বার্ডস কেজি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান রহমান আজ সকাল ৯টার দিকে রিকশাযোগে স্কুলে যাচ্ছিল। রিকশাটি শহরের রাজনগর এলাকায় পৌঁছালে ৩-৪ জন ব্যক্তি রিকশার গতিরোধ করেন। একপর্যায়ে তারা আরিয়ানকে তাদের সঙ্গে যেতে বলেন।

আরিয়ান ওই ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা কোনো পরিচয় না দিয়ে তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ভয় পেয়ে শিশুটি কান্না ও চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলে যাতায়াতকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।