ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অ-প্রাতিষ্ঠানিক টিভেট (কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ) কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে ৭৫ জন গ্রেজুয়েটদের মধ্যে প্রশিক্ষণ শেষে ২১ জন প্রশিক্ষণার্থীকে উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির সীডস প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে মোটরসাইকেল মেকানিক, ইলেকট্রিক অ্যান্ড হাউজ ওয়্যারিং এবং মোবাইল সার্ভিসিং—এই তিনটি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী ২১ জনের মাঝে প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সহায়ক হিসেবে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জুলহাস, সীডস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কর্নেলিউস দালবৎ, প্রোগ্রাম অফিসার মনিরুজ্জামান, উপজেলা সমন্বয়কারী আশিকুর রহমান এবং উপজেলার কমিউনিটি মোবিলাইজারবৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণ শেষে উপকরণ সহায়তা পাওয়ায় প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সীডস প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহ জেলার ফুলপুর, ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় এ ধরনের কার্যক্রমের আওতায় মোট ১০৮ জন প্রশিক্ষণার্থীকে ৮টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।