সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান এই ভারতীয় পণ্য জব্দ করা হয়।
গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে বিজিবি-৬০ ব্যাটালিয়নের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, কসবা, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খাড়েরা বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস.এম শরিফুল ইসলাম।
এ ব্যাপারে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক এস.এম শরিফুল ইসলাম জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, যৌন উত্তেজক ট্যাবলেট, মোবাইল, বাসমতি চাল, গরু, অলিভ অয়েল, বাঁজি, জিরা, ইস্কাপ সিরাপ, গাঁজা, ও মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ ১ হাজার ৫০০ টাকা।
অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হবে।
