জামায়াতে ইসলামী মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী এডভোকেট বদিউল আলম সুজন এর আমন্ত্রণে লাকসামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় লাকসাম নিজ কার্যালয়ে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরে প্রধান অতিথি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। কোনো দলের মুখপাত্র নয়, দলীয় কোনো কাজে সাংবাদিকদের ব্যবহার না করার আহবান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের যে কোনো সমস্যায় আমি তাদের পাশে থাকবো। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, আমরা সাংবাদিকদের তথ্যের স্বাধীনতা নিশ্চিত করতে চাই।
অনুষ্ঠানের আয়োজক মেয়র প্রার্থী এডভোকেট বদিউল আলম সুজন নিজের অবস্থান তুলে ধরে বলেন, আমি জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। এতে সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা চাই। আপনারা আমাকে বিভিন্ন বিষয়ে বুদ্ধি পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ আমাকে অনেক দূর এগিয়ে নিবে বলে আমি বিশ্বাস করি। আমি অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে আমাকে রাখবেন।
মতবিনিময় সভায় সাংবাদিক প্রতিনিধিরা বলেন, লাকসামে সাংবাদিকরা বিভিন্ন সংগঠনে বিভক্ত। নিজেদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠনের মাধ্যমে নিজেদের ঐক্য গড়ে তোলার মত প্রকাশ করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারী মাওলানা মো. শহিদুল্লাহ, দৈনিক ইত্তেফাক লাকসাম প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুস, দৈনিক কালের কন্ঠ লাকসাম প্রতিনিধি মুজিবুর রহমান দুলাল, সাপ্তাহিক লাকসামবার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফায়েল আহমেদ, দৈনিক মানবজমিন লাকসাম প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন লাকসাম প্রতিনিধি ফারুক আল শারাহ, দৈনিক নয়া দিগন্ত লাকসাম প্রতিনিধি মিজানুর রশিদ, দৈনিক যায়যায়দিন লাকসাম প্রতিনিধি আরিফুর রহমান স্বপন, সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ, সাপ্তাহিক আমাদের অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন, দৈনিক ভোরের কলাম লাকসাম প্রতিনিধি জাফর আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ লাকসাম প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক প্রেজেন্ট টাইমস লাকসাম প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা, দৈনিক যুগান্তর লাকসাম প্রতিনিধি এম এ মান্নান, দৈনিক আজকের জীবন পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, বাংলা নিউজ টুয়েন্টি ফোর লাকসাম প্রতিনিধি জিএমএস রুবেল, দৈনিক অনুসন্ধান প্রতিদিন লাকসাম প্রতিনিধি মো. আমজাদ হোসেন, দৈনিক জনবাণী লাকসাম প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।