মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, গুলি ও নগদ টাকাসহ বাবা-ছেলেকে আটক করেছে।
গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর শহরের মাদক কারবারি ফিরোজ হোসেন ও তার ছেলে আমানউল্লাহ আমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁতিপাড়ায় ফিরোজ হোসেনের বসতবাড়িতে এই আকস্মিক হানা দেয় যৌথ টাস্কফোর্সের একটি দল। অভিযান চলাকালে বাড়িটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা, ৩৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, পিস্তলের ৫ রাউন্ড গুলি, দুটি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ৯ লাখ টাকা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, আটককৃত বাবা-ছেলে দীর্ঘদিন ধরে মেহেরপুর শহর ও আশপাশের এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়েই পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরকে সঙ্গে নিয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মেহেরপুর সদর থানায় নিয়মিত দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ৯ লাখ টাকা আইনি নিয়মে সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।